ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর মুক্তা রানী (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার ধনতলা ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের গ্রামপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মুক্তা রানী ওই গ্রামের সুবেল চন্দ্র সিংহের স্ত্রী। তার দুইটি মেয়ে সন্তান রয়েছে।
পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো গত রবিবার রাতে খাবার শেষ করে নিহত গৃহবধূ তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েছিল। গভীর রাতে হঠাৎ শোয়ার ঘরে গৃহবধূ মুক্তা রানীকে দেখতে না পেয়ে তার স্বামী খোঁজাখুঁজি শুরু করেন। এরপর তিনি ওই গৃহবধূকে অন্য এক ঘরে সরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন।
স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ধরণের ঝগড়া ছিল না। দ্বিতীয় সন্তানের জন্ম নেওয়ার পর থেকে গৃহবধূ মানসিক ও শারীরিক দুর্বল হয়ে পড়েছিলেন। তাই নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
যদিও নিহত গৃহবধূর বাবা কৃষ্ণ বলেছেন, মেয়ের বিয়ে দেওয়ার পর থেকেই নানাভাবে নির্যাতন করত তার শ্বশুরবাড়ির লোকজন। আমার মেয়ে কখনো আত্মহত্যার পথ বেছে নিতে পারে না। তার শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে মেরে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।
বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। সুরতহাল প্রতিবেদন করে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।